
কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা চালক। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মহিন উদ্দিন (৩২) পার্শ্ববর্তী এলাকায় বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে মহিন উদ্দিন বাগমারা রেলগেট এলাকায় রেললাইনের একেবারে কিনারায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন চলে এলেও ফোনে মগ্ন থাকায় তিনি কিছুই বুঝতে পারেননি। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
লাকসাম রেলওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন খন্দকার বলেন, “অসতর্কতার কারণেই এই দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



