
কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে পুলিশ আটক করার পর কুমিল্লা নগরীতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আজ রোববার (৩ মে) দুপুরে নগরীর শাসনগাছা এলাকা থেকে তাকে আটক করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শাসনগাছা আন্তজেলা বাস টার্মিনাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন শ্রমিক নেতারা। আকস্মিক পরিবহন ধর্মঘটের ফলে ঢাকা, সিলেট ও চাঁদপুরসহ বিভিন্ন রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে প্রিয় নেতার আটকের প্রতিবাদে কয়েকশ’নেতাকর্মী জড়ো হয়ে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন। তারা থানার সামনে অবস্থান নিয়ে রেজাউল কাইয়ুমের নিঃশর্ত মুক্তির দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ প্রশাসন কোতোয়ালি থানা ও জেলা পুলিশ সুপার কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ ব্যাপক নিরাপত্তা সতর্কতা অবলম্বন করেছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল কাইয়ুমকে বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাকে ঠিক কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, থানার সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়ে আছেন এবং নগরীজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এমএফ/সিএন



