
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।
এতে বন্ধ হয়ে যায় রাজধানী থাকার সঙ্গে বন্ধন নগরী চট্টগ্রামের একমাত্র সড়ক মাধ্যমটি। পরে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়।
শ্রমিকদের দাবি, বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রেখেই কারখানা বন্ধ করেছে নাসা গ্রুপ। তাই দ্রুতই কুমিল্লা ইপিজেডের ৫ কারখানার কয়েক হাজার শ্রমিকের বকেয়া পরিশোধের দাবিতে আজ তারা মহাসড়কে এসেছে।
তাদের দাবি এর আগেও নানা সময় আশ্বাস দিয়ে কোন সুরাহা হয়নি বকেয়া বেতনের।
এদিকে যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে সড়ক না ছাড়ায় শ্রমিকদের সরাতে একশনে যায় পুলিশ। এসময় হুরোহুড়ি করে সড়ক ছাড়তে গিয়ে আহত হন কয়েকজন শ্রমিক।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, শ্রমিকরা প্রায় দুই ঘন্টা সময় সড়ক বন্ধ রাখে। তাদের আমরা নানাভাবে বুঝিয়েছি। মহাসড়কে আন্দোলন না করে অভিযোগ দেয়ার আহবান জানিয়েছি। পরে তারা মহাসড়ক ছেড়েছে।



