চান্দিনায় ধান কাটার শ্রমিকদের হাতে বৃদ্ধা খুন: টাকা ও স্বর্ণালংকার লুট

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লার চান্দিনায় ধান কাটার জন্য ভাড়া করে আনা শ্রমিকদের হাতে সমিরণ বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর ঘর থেকে নগদ প্রায় ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে অভিযুক্ত শ্রমিকরা।

আজ রোববার (৩ মে) ভোরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ওলিপুর গ্রামের মোল্লা বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত সমিরণ বেগম ওই গ্রামের বিত্তশালী কৃষক আবদুল বাতেন মোল্লার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে এলাকায় ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিলে গত ২৭ এপ্রিল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার শ্রমিকের হাট থেকে ৪ জন শ্রমিক ভাড়া করে আনেন আবদুল বাতেন মোল্লা। তারা বসতঘরের মাঝের একটি কক্ষে থাকতেন। পাশের পৃথক দুটি কক্ষে স্বামী ও স্ত্রী ঘুমাতেন। শনিবার সন্ধ্যায় একজন শ্রমিক মোবাইল চুরি করে পালিয়ে গেলে রাতে আরও একজনকে নতুন করে ভাড়া করে আনা হয়।

নিহতের ছেলে বশির জানান, প্রতিদিনের মতো ভোরে মা নামাজ পড়তে উঠলেও আজ কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। সকালে শ্রমিকদের কক্ষে গিয়ে দেখা যায় তারা কেউ নেই। পরে মায়ের কক্ষে গিয়ে হাত-পা বাঁধা এবং গলায় পর্দার কাপড় পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। শ্রমিকরা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে গেছে। পালিয়ে যাওয়া শ্রমিকরা তাদের বাড়ি রংপুর, চাঁদপুর ও ঢাকা বলে জানিয়েছিল।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও এসআই আবদুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, টাকা ও স্বর্ণালংকারের লোভেই শ্রমিকরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ আরও জানায়, হাট থেকে শ্রমিক আনার ক্ষেত্রে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ছবি রাখা অত্যন্ত জরুরি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এমএফ/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top