
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গান, কবিতা ও কথামালার মধ্য দিয়ে এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় একাডেমিতে এই স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার এস.এম.টি কামরান হাসান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাসানাত বাবুল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন “ঐতিহ্য কুমিল্লা”-র প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি মো. নাহিদুজ্জামান রানা, জাসাস কুমিল্লা মহানগর সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ পল্লব, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং কুমিল্লা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনের দিশারী। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে রবীন্দ্রচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, আমরা নজরুল বর্ষে আছি, যা এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। নজরুল ও রবীন্দ্রনাথের দর্শন আমাদের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। একটি স্বচ্ছ, সুন্দর ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে তাঁদের সৃষ্টিকে আমাদের প্রাত্যহিক জীবনে ধারণ করতে হবে।



